প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Oct 2026, 9:23 AM
ব্রাহ্মণপাড়ায় তিন মৌসুমেই চাষ হচ্ছে ব্রি ধান-৭৫, ভালো ফলনে খুশি কৃষক
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বোরো, আউশ ও আমন—তিন মৌসুমেই ব্রি ধান-৭৫ চাষ করছেন কৃষকেরা। স্বল্প জীবনকাল, মৃদু সুগন্ধ ও তুলনামূলক ভালো ফলনের কারণে এ জাতের ধান চাষে তাঁদের আগ্রহ বাড়ছে। গত তিন-চার বছর ধরে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা পরীক্ষামূলকভাবে তিন মৌসুমেই এ ধান চাষ করছেন। তবে জাতটি মূলত আমন মৌসুমের জন্য উদ্ভাবিত বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। তিন মৌসুমে এর ফলন ও উপযোগিতা যাচাইয়ের ওপরও গুরুত্ব দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে ব্রাহ্মণপাড়া উপজেলায় ৫ হাজার ৫১২ হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। এর মধ্যে ব্রি ধান-৭৫ চাষ করা হয়েছে ৫৯১ হেক্টর জমিতে। তবে কৃষকদের ভাষ্য, বোরো মৌসুমে এ জাতের ধান চাষের পরিমাণ আরও বেশি থাকে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্ভাবিত ব্রি ধান-৭৫ মূলত রোপা আমন মৌসুমের স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল জাত। এ ধানের জীবনকাল সাধারণত ১১০ থেকে ১১৫ দিন। জাতটির চালে মৃদু সুগন্ধ রয়েছে। এর কাণ্ড শক্ত হওয়ায় গাছ সহজে হেলে পড়ে না এবং ধান ঝরে পড়ার প্রবণতাও কম। কৃষি বিভাগের দেওয়া তথ্যমতে, এ জাতের ধানের গড় ফলন হেক্টরপ্রতি প্রায় ৪ দশমিক ৫ টন। উপযুক্ত পরিচর্যায় তা ৫ দশমিক ৫ টন পর্যন্ত হতে পারে।
কৃষকেরা জানান, স্বল্প জীবনকালের কারণে এ ধান কাটার পর একই জমিতে দ্রুত পরবর্তী ফসল আবাদ করা যায়। বোরো মৌসুমে তুলনামূলক বেশি ফলন পাওয়ার পাশাপাশি চালের সুগন্ধ ও স্বাদের কারণেও তাঁরা এ জাতের প্রতি আগ্রহী হচ্ছেন। তবে মৌসুমভেদে ফলনের পার্থক্য রয়েছে বলে জানান তাঁরা।
উপজেলার বেজুরা বিলে ৪২ শতক জমিতে ব্রি ধান-৭৫ চাষ করেছেন কৃষক রইস উদ্দিন। তিনি বলেন, ‘গত দুই বছর ধরে আমি তিন মৌসুমেই এ জাতের ধান চাষ করছি। প্রতিটি মৌসুমেই তুলনামূলক ভালো ফলন পেয়েছি। এ কারণে চলতি আমন মৌসুমেও চাষ করেছি। আশা করছি, আগের মৌসুমগুলোর মতো এবারও ভালো ফলন পাব।’
দুলালপুর দক্ষিণপাড়া গ্রামের কৃষক শানু মিয়াও এ ধান চাষ করে সন্তুষ্ট। তিনি বলেন, ‘এ বছর বোরো মৌসুমে ব্রি ধান-৭৫ চাষ করে ভালো ফলন পেয়েছি। চালের সুগন্ধ ও স্বাদও ভালো। পরে আউশ মৌসুমেও চাষ করে ভালো ফলন পেয়েছি। এবার ৩৬ শতক জমিতে এ ধান আবাদ করেছি। বর্তমানে ধানের শীষ বের হওয়ার পর্যায়ে রয়েছে। আশা করছি, এবারও ভালো ফলন হবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন বলেন, ব্রি ধান-৭৫ মূলত রোপা আমন মৌসুমের জাত। এর জীবনকাল প্রায় ১১৫ দিন। এটি আলোক-অসংবেদনশীল ও স্বল্পমেয়াদি জাত।
তিনি বলেন, কোনো ধানের জাত তিনটি মৌসুমেই চাষ করা সম্ভব কি না, তা নির্ভর করে জাতটির অনুমোদিত মৌসুম, আলোকসংবেদনশীলতা, তাপমাত্রা, দিনের দৈর্ঘ্য, বীজ বপন ও রোপণের সময় এবং স্থানীয় পরিবেশের ওপর। তাই ব্রি ধান-৭৫-এর তিন মৌসুমে ফলনের বিষয়টি যথাযথ তথ্য-উপাত্ত ও মাঠপর্যায়ের পরীক্ষার মাধ্যমে যাচাই করা জরুরি।
কৃষি কর্মকর্তা আরও বলেন, ‘সম্প্রতি ব্রি ধান-৭৫-এর আউশ, আমন ও বোরো—তিন মৌসুমেই চাষ করে ফলন পাওয়ার বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। কৃষকের অভিজ্ঞতা, মাঠপর্যায়ের ফলাফল ও কৃষি গবেষণার আলোকে বিষয়টি গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা প্রয়োজন।’
তিনি জানান, মাঠপর্যায়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে তিন মৌসুমে এ জাতের চাষের উপযোগিতা ও ফলন সম্পর্কে আরও নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেলে কৃষকদের পরবর্তী সময়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া সহজ হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজার এলাকায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্...
কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন
আয়েশা আক্তারউপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী, সুরকার ও সুরস্রষ্টা শচীন দেব বর্মণের স্মৃতি সংরক্ষণ এব...
কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১
আয়েশা আক্তারকুমিল্লায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জেলা পুলিশ। অ...
সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু
সাইফুল ইসলাম কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভাটিয়া ভিটা এলাকায় ঘাতক কাভার্ড ভ্যান&nb...
শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ৬০ বিজ...
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিদেশের বিভিন্ন খ্যাতনামা কোম্পানীর চিপস, আচার ও জুস নকল করে বাজারজাত করে...