প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Nov 2026, 8:48 AM
আট বছরেও হয়নি ফায়ার স্টেশন, আগুনে পুড়ছে ব্রাহ্মণপাড়া
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া
আগুনে পুড়ছে মানুষের স্বপ্ন, নিঃস্ব হচ্ছেন ব্যবসায়ীরা। অথচ অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়ার আট বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি কাজ। সাহেবাবাদ এলাকায় জমি অধিগ্রহণ করে প্রকল্পের সাইনবোর্ড স্থাপন করা হলেও এখন সেটিরও অস্তিত্ব নেই। এদিকে গত এক বছরে উপজেলায় ২০টি অগ্নিকাণ্ডে প্রায় ১১ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ গত শনিবার (১৪ নভেম্বর) ভোরে সাহেবাবাদ দক্ষিণ বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে ১২টি দোকান। স্থানীয়দের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ৭ কোটি টাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে সাহেবাবাদ দক্ষিণ বাজারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। একের পর এক দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে তেল, গ্যাস সিলিন্ডার, স্টুডিওসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। আগুনে দোকানের মালামাল, আসবাবপত্র ও ব্যবসার সরঞ্জামসহ সবকিছু পুড়ে যায়। দীর্ঘদিনের সঞ্চয় ও ব্যবসার পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। স্থানীয়দের ধারণা, এ অগ্নিকাণ্ডে প্রায় ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্রাহ্মণপাড়ায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন লাগলে দ্রুত সহায়তা পাওয়া যায় না। পাশের বুড়িচং, ব্রাহ্মণবাড়িয়ার কসবা কিংবা কুমিল্লা শহর থেকে ফায়ার সার্ভিসের ইউনিট আসতে হয়। দূরত্বের কারণে ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। এর মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের স্থাপনায়। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। তাঁদের মতে, উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন থাকলে অনেক অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত উপজেলায় ২০টি ছোট-বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১১ কোটি টাকা। অগ্নিকাণ্ডে বসতবাড়ি, দোকানপাট ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সম্পদের ক্ষতি হয়েছে। এর মধ্যে সাহেবাবাদ দক্ষিণ বাজারের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে একাই প্রায় ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের প্রাথমিক ধারণা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার সাহেবাবাদ এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জন্য ৩৬ দশমিক ৭৫ শতক জমি অধিগ্রহণ করা হয়েছিল। প্রায় আট বছর আগে সেখানে প্রকল্পের সাইনবোর্ডও স্থাপন করা হয়। জমির সীমানা নির্ধারণের কাজও করা হয়েছিল। কিন্তু এরপর আর নির্মাণকাজ শুরু হয়নি। বছরের পর বছর প্রকল্পটি পড়ে থাকলেও এখন সেখানে সাইনবোর্ডটিরও অস্তিত্ব নেই।
স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান বলেন, ব্রাহ্মণপাড়ার কোথাও আগুন লাগলে বুড়িচং বা কসবা থেকে ফায়ার সার্ভিসের ইউনিট আসতে হয়। কখনো কুমিল্লা শহর থেকেও ইউনিট আনা হয়। ঘটনাস্থল দূরে হওয়ায় খবর পাওয়ার পর ইউনিট পৌঁছাতে অনেক সময় লেগে যায়। এর মধ্যে আগুন বসতবাড়ি, দোকানপাট ও অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়ে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।
সাহেবাবাদ বাজারের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন বলেন, আমাদের উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় সব সময় আগুনের আতঙ্কে থাকতে হয়। অগ্নিকাণ্ডের সময় যথাসময়ে ফায়ার সার্ভিসের সহায়তা পাওয়া যায় না। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। জরুরি মুহূর্তে দ্রুত সহায়তা না পাওয়ায় মানুষের জানমালের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে।
১৯৮৩ সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে ব্রাহ্মণপাড়াকে উপজেলা ঘোষণা করা হয়। উপজেলা হিসেবে প্রতিষ্ঠার ৪৩ বছর হতে চললেও এখনো এখানে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপিত হয়নি। অথচ উপজেলার হাটবাজার, দোকানপাট, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান, হাসপাতাল, রোগনির্ণয় কেন্দ্র, ব্যাংক-বীমাসহ সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এসব স্থাপনা অগ্নিকাণ্ডের ঝুঁকিতে থাকলেও জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয়ভাবে নেই প্রয়োজনীয় অবকাঠামো।
প্রকল্প বাস্তবায়নে বিলম্বের কারণ জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জন্য বর্তমানে প্রয়োজনীয় পরিমাণ জমি নেই। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও ৬৩ দশমিক ২৫ শতাংশ জমি অধিগ্রহণের প্রস্তাব প্রশাসনিকভাবে অনুমোদিত হয়েছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে জমি অধিগ্রহণের প্রক্রিয়া ত্বরান্বিত হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষও যথেষ্ট আন্তরিক।
স্থানীয়দের প্রশ্ন, আট বছর আগে স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়ার পরও কেন এখনো কাজ শুরু হলো না? তাঁদের মতে, সাহেবাবাদ বাজারের সাম্প্রতিক অগ্নিকাণ্ড প্রশাসনিক দীর্ঘসূত্রতার পাশাপাশি ফায়ার সার্ভিস স্টেশনের প্রয়োজনীয়তাও নতুন করে সামনে এনেছে। দ্রুত জমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষ করে নির্মাণকাজ শুরু করা জরুরি। অন্যথায় অগ্নিকাণ্ডে মানুষের জানমাল ও ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির ঝুঁকি থেকেই যাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ১৪ বছর পর হত্যা চেষ্টার মামলায় আসামির ১০ বছরের কার...
স্টাফ রিপোর্টারকুমিল্লায় হত্যা চেষ্টাসহ একাধিক ধারায় দায়ের করা ১৪ বছর আগের একটি মামলায় মো. কামারুজ্জ...
নিজস্ব কার্যালয় ভবনের উদ্বোধন ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্...
নিজস্ব প্রতিবেদক রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম...
মনোহরগঞ্জে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমা...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জে ফসলি জমি ও পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি...
দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১১৫ (...
কুমিল্লা সরকারি মহিলা কলেজে রোভার সহচর দীক্ষা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকনতুন দিনের অঙ্গীকার স্কাউটিং হোক সবার এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা সরকারি মহিলা...
কুমিল্লায় কিশোর মনস্তত্ত্ব ও বর্তমান সমাজ: সংকট, সম্ভাবনা ও...
কুমিল্লা প্রতিনিধিকিশোর মনস্তত্ত্ব ও বর্তমান সমাজ: সংকট, সম্ভাবনা ও করণীয় - বিষয়ে কুমিল্লায় একটি স...