আয়েশা আক্তার
‘সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে জনসেবা, ন্যায়বিচার ও এলাকার সার্বিক উন্নয়নের প্রত্যয় নিয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মোহাম্মদ আলী লিটন। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির তাঁতী ও মৎস্য বিষয়ক সম্পাদক এবং আদর্শ সদর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক।
আমার প্রত্যাশা, অবহেলিত ও পিছিয়ে পড়া এই ইউনিয়নকে পরিকল্পিত উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহি এবং জনসম্পৃক্ততার মাধ্যমে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা।
মোহাম্মদ আলী লিটন বলেন, জনপ্রতিনিধি হওয়ার মূল উদ্দেশ্য হওয়া উচিত জনগণের সেবা করা। মানুষের সুখ-দুঃখের সঙ্গী হওয়া এবং এলাকার বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলাম। রাজনৈতিক প্রতিকূল সময়ে মামলা, হামলা, নির্যাতন ও নানা হয়রানির শিকার হয়েছি। দলের দুঃসময়ে কখনো ধানখেতে, কখনো মাছের প্রকল্পের শ্রমিকদের ঘরে, আবার কখনো বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে দিন কাটাতে হয়েছে। তবুও দলের আদর্শ ও সাংগঠনিক কর্মকাণ্ড থেকে সরে যাইনি।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকে এলাকার মানুষের পাশে থাকার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছি। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আমার রাজনৈতিক পথচলায় কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এবং রাজনৈতিক গুরু রেজাউল হক কাইয়ুমের সান্নিধ্য ও পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার
নিজের পরিকল্পনা তুলে ধরে মোহাম্মদ আলী লিটন বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামত নিয়ে অগ্রাধিকারভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করবেন। বিশেষ করে—
১. যোগাযোগব্যবস্থার উন্নয়ন:ইউনিয়নের ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী সড়ক সংস্কার, নতুন রাস্তা নির্মাণ এবং প্রয়োজনীয় সড়ক অবকাঠামো উন্নয়ন।
২. জলাবদ্ধতা নিরসন: খাল, নালা ও ড্রেনেজব্যবস্থা সংস্কার এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ।
৩. শিক্ষার মানোন্নয়ন: শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন, ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা।
৪. স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ: সাধারণ মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম এবং দরিদ্র ও অসহায় রোগীদের পাশে দাঁড়ানো।
৫. যুবসমাজের উন্নয়ন: বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ।
৬. মাদক ও অপরাধমুক্ত সমাজ: মাদক, জুয়া, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে সামাজিক সচেতনতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত উদ্যোগ।
৭. পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ইউনিয়ন: নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ এবং পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ।
৮. বয়স্ক ও অসহায় মানুষের পাশে থাকা: সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া এবং অসহায়, বিধবা ও প্রতিবন্ধী মানুষের সহযোগিতায় কাজ করা।
৯. স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ: সরকারি বরাদ্দ ও উন্নয়ন প্রকল্পের সঠিক ব্যবহার, জনসম্মুখে হিসাব প্রকাশ এবং সব ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান।
১০. ন্যায়বিচার ও নাগরিক সেবা: গ্রাম আদালতে স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ এবং সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে কার্যকর ভূমিকা রাখা।
তিনি বলেন, ইউনিয়নের উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এ জন্য এলাকার প্রবীণ ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, আলেম-ওলামা, যুবসমাজ, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।
অবহেলিত ইউনিয়নকে উন্নয়নের ধারায় যুক্ত করতে চান লিটন: মোহাম্মদ আলী লিটনের ভাষ্য, দীর্ঘদিন ধরে ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন বিভিন্ন ক্ষেত্রে প্রত্যাশিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। অতীতে একাধিক জনপ্রতিনিধি দায়িত্ব পালন করলেও এলাকার অনেক সমস্যা এখনো রয়ে গেছে বলে তিনি মনে করেন। বিশেষ করে যোগাযোগব্যবস্থা, জলাবদ্ধতা, কর্মসংস্থান, নাগরিক সেবা ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে আরও পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, ‘আমি চাই, আমার হাত ধরে এই ইউনিয়নের প্রতিটি গ্রামে উন্নয়নের ছোঁয়া পৌঁছে যাক। কোনো ওয়ার্ড যেন অবহেলিত না থাকে। উন্নয়ন হবে সবার জন্য, নাগরিক সেবা হবে সবার অধিকার। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের জন্য ইউনিয়ন পরিষদের দরজা উন্মুক্ত থাকবে।
তিনি আরও বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে প্রয়োজনীয় বরাদ্দ ও সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংসদ সদস্য, মন্ত্রী এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। পাশাপাশি স্থানীয় সমস্যা ও জনগণের প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন।
সবশেষে মোহাম্মদ আলী লিটন বলেন, আমার রাজনীতির মূল লক্ষ্য মানুষের সেবা করা। ব্যক্তিগত স্বার্থ নয়, এলাকার মানুষের কল্যাণই হবে আমার অগ্রাধিকার। আমি এমন একটি ইউনিয়ন গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নিরাপদে বসবাস করবে, তরুণরা কর্মসংস্থানের সুযোগ পাবে, শিশুরা সুন্দর পরিবেশে বেড়ে উঠবে এবং সাধারণ মানুষ হয়রানি ছাড়াই নাগরিক সেবা পাবে। ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত, শান্তিপূর্ণ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার স্বপ্ন।