প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Sep 2026, 9:04 AM
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা
মাহফুজ নান্টু
অপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে ৬২৪ জন আটকের ঘটনায় নতুন করে সামনে এসেছে কিশোর অপরাধের ভয়াবহতা। আইনশৃঙ্খলা বাহিনী যখন কিশোর গ্যাং দমনে অভিযান জোরদার করেছে, তখন তাদের নিয়ন্ত্রণে রাজনৈতিক নেতাদের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
কুমিল্লা মহানগরে বর্তমানে অন্তত ১০টির বেশি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি। তবে পুলিশের ধারাবাহিক অভিযানের পর চলতি সপ্তাহে এসব গ্রুপের প্রকাশ্য মহড়া ও শক্তি প্রদর্শন অনেকটাই কমেছে।
সংশ্লিষ্টদের অভিযোগ, রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের একটি অংশ বিভিন্ন সময় কিশোরদের মিছিল-মিটিংয়ে ব্যবহার করেন। এমনকি প্রতিপক্ষকে দমনে তাদের পেশিশক্তি ব্যবহারের অভিযোগও রয়েছে। এর ফলে কিশোর গ্যাংয়ের বিস্তার ঠেকানো কঠিন হয়ে পড়ছে। ধরা পরার পর তদবীর করেন রাজনৈতিক নেতারা।
কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী বলেন, কিশোর গ্যাং দমনে রাজনৈতিক নেতাদের অনীহার অন্যতম কারণ হলো এসব কিশোরের একটি অংশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। তাদের শক্তিকে কাজে লাগিয়ে প্রতিপক্ষকে দমন করা হয়।
তিনি বলেন, পরিবারের আদর্শ কাঠামো হলো শিশুরা পারিবারিক শাসন ও অনুশাসনে বড় হবে এবং লেখাপড়ামুখী হবে। সেখানে রাজনৈতিক নেতাদেরও সহযোগী ভূমিকা রাখার কথা। কিন্তু এর পরিবর্তে শিশু-কিশোরদের মিছিল-মিটিংয়ে নেওয়া এবং তাদের পেশিশক্তি রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে।
তবে রাজনৈতিক অঙ্গনে এর বিপরীত অবস্থানের কথাও জানিয়েছেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী সাংগঠনিক কার্যক্রমে কোনো নেতার সঙ্গে কিশোর গ্যাংয়ের সদস্যদের সম্পৃক্ততা পাওয়া গেলে প্রথমে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এরপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জ্যেষ্ঠ নেতারা কেন কিশোর গ্যাং দমনে এগিয়ে আসছেন না এমন প্রশ্নের জবাবে নাহিদ রানা বলেন, বিষয়টি তারা জানেন। তবে তরুণ নেতাকর্মীরা একটি উদাহরণ তৈরি করতে চান। ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে সিনিয়র নেতারাও যাতে এগিয়ে আসেন, সেই পরিবেশ তৈরি করতে চান তারা।
সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, শিশু-কিশোর ও তরুণরা একদিনে অপরাধী হয়ে ওঠেনি। অপ্রতিম হত্যাকাণ্ডে গ্রেপ্তার তুহিন, ফাহাদসহ অন্যরাও একদিনে অপরাধে জড়ায়নি। দীর্ঘদিনের পারিবারিক ও সামাজিক নানা কারণ তাদের অপরাধের দিকে ঠেলে দিয়েছে।
তিনি বলেন, পরিবার ও রাজনৈতিক নেতাদের অসচেতনতার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতাও অপরাধ সংঘটনের একটি কারণ। অপরাধ সংঘটনের পর তৎপর হওয়ার চেয়ে অপরাধ যাতে না ঘটে, সে বিষয়ে আগে থেকেই কার্যকর ভূমিকা নিতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। কিশোর অপরাধ নির্মূলে পরিবার, সমাজ, রাজনৈতিক নেতৃত্ব ও আইনশৃঙ্খলা বাহিনীসবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে পরিবার, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত উদ্যোগেই এ সমস্যা মোকাবিলা করা সম্ভব।
তিনি আরও বলেন, দুই হাজার ৫০০-এর বেশি মানুষের জন্য একজন পুলিশ সদস্য দিয়ে কিশোর গ্যাংসহ কোনো অপরাধ সমূলে নির্মূল করা সম্ভব নয়। এজন্য পরিবার, সমাজ, রাজনীতিবিদ ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...
ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশ...