প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Sep 2026, 9:40 AM
ফায়ার সার্ভিস পুকুরপাড়ে খোলা ডাস্টবিনে অতিষ্ঠ জনজীবন, অপসারণের দাবি স্থানীয়দের
আয়েশা আক্তার
কুমিল্লা নগরীর বাগিচাগাঁও মহল্লার ফায়ার সার্ভিস পুকুরের উত্তর-পূর্ব কর্নারে থাকা খোলা ডাস্টবিনকে ঘিরে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, পথচারী ও আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষ। দীর্ঘদিন ধরে এখানে বিভিন্ন এলাকার বর্জ্য ফেলা ও ট্রাকে তোলার কারণে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ। একই সঙ্গে বর্জ্যের চুইয়ে পড়া পানি পুকুরে গিয়ে পুকুরের পানিও দূষিত হওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্যস্ততম সড়কের পাশে খোলা অবস্থায় ডাস্টবিন থাকায় প্রতিদিনই সেখানে ময়লা ফেলা হচ্ছে। পরে ভ্যান ও ট্রাকে বর্জ্য তোলার সময় রাস্তার বড় একটি অংশজুড়ে ময়লা ছড়িয়ে পড়ে। এতে যানবাহন ও পথচারীদের চলাচলেও সৃষ্টি হচ্ছে দুর্ভোগ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিস পুকুরের পূর্ব পাড়সংলগ্ন সড়কের পাশে বর্জ্য ফেলার কারণে পরিবেশ নোংরা হয়ে আছে। বর্জ্য পরিবহনের সময় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। স্থানীয়দের দাবি, বিকাল পর্যন্ত ট্রাকে বর্জ্য তোলা হলেও সন্ধ্যার পর আবার বিভিন্ন এলাকার ময়লা সেখানে ফেলা শুরু হয়। ফলে রাতভর বর্জ্য জমে থাকে।
স্থানীয়দের ভাষ্য, ডাস্টবিনটির আশপাশে রয়েছে একটি কলেজ, দুটি হাসপাতাল, চারটি বহুতল ভবনে প্রায় ৩০০টি ফ্ল্যাট, ফায়ার সার্ভিস অফিস, জেলা কর্মসংস্থান অফিসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও অসংখ্য বসতবাড়ি। প্রতিদিন এই সড়ক দিয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ চলাচল করেন।
ফায়ার সার্ভিস এলাকায় বসবাসকারী কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, বর্জ্যের দুর্গন্ধে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ঘরের ভেতরেও থাকা কঠিন হয়ে পড়ে। এমনকি নিয়মিত খাবার খাওয়ার সময়ও দুর্গন্ধের কারণে বিড়ম্বনায় পড়তে হয় বলে জানান তারা।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, বাতাস একটু জোরে হলেই ডাস্টবিনের দুর্গন্ধ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। ঘরের দরজা-জানালা বন্ধ রেখেও রক্ষা পাওয়া যায় না। খাবার সময়ও অনেক সময় দুর্গন্ধের কারণে খেতে কষ্ট হয়।
এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষ যাতায়াত করেন। ডাস্টবিনের পাশ দিয়ে যাওয়ার সময় অনেকে নাক চেপে ধরে পুরো রাস্তাটি পার হন। এত তীব্র দুর্গন্ধ যে সহ্য করা কঠিন।
স্থানীয়দের আশঙ্কা, খোলা ডাস্টবিনের বর্জ্য ও চুইয়ে পড়া তরল পুকুরে গিয়ে পড়ায় ফায়ার সার্ভিস পুকুরের পানিও দূষিত হচ্ছে। এতে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি রোগব্যাধি ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
এ অবস্থায় জনস্বার্থে দ্রুত ডাস্টবিনটি অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে পুকুরটির পূর্ব পাড়ের মতো চারপাশের পাড় সৌন্দর্যবর্ধন করে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পরিবেশ তৈরির দাবি জানিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের বরাবর লিখিত আবেদন করেছেন তারা।
আবেদনে বলা হয়েছে, নগরীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম একটি সড়কের পাশে এ ধরনের খোলা ডাস্টবিন জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই ডাস্টবিনটি অন্যত্র সরিয়ে পুকুরের চারপাশ সৌন্দর্যবর্ধনের মাধ্যমে একটি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কুমিল্লা সিটি কর্পোরেশন দ্রুত ডাস্টবিনটি অপসারণ এবং পুকুরপাড়ের পরিবেশ উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...