প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Nov 2026, 8:11 AM
দক্ষ গাছির অভাবে মনোহরগঞ্জে খেজুর রস সংগ্রহ ব্যাহত, গাছ থাকলেও বঞ্চিত স্থানীয়রা
আবুল কালাম আজাদ
হেমন্তের আগমনে গ্রামীণ জনপদে যখন খেজুরের রস সংগ্রহের ধুম পড়ে, তখন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় দেখা দিয়েছে ভিন্ন চিত্র। উপজেলার বিভিন্ন এলাকায় পর্যাপ্ত সংখ্যক খেজুর গাছ থাকলেও দক্ষ গাছির অভাবে সময়মতো রস সংগ্রহ করা যাচ্ছে না। ফলে একদিকে যেমন গাছগুলো অব্যবহৃত পড়ে থাকছে, অন্যদিকে শীতের শুরুতেই ঐতিহ্যবাহী সুস্বাদু খেজুরের রস ও গুড় থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২৩নভেম্বর) সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, সড়কের পাশে, জমির আইলে ও বাড়ির আঙিনায় শত শত খেজুর গাছ দাঁড়িয়ে আছে। মৌসুমের শুরুতে গাছ চেঁছে রস নামানোর প্রস্তুতি নেওয়ার কথা থাকলেও অধিকাংশ গাছই এখনো অযত্ন-অবহেলায় পড়ে আছে।
স্থানীয় বাসিন্দা ও গাছ মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় মনোহরগঞ্জে বেশ কিছু অভিজ্ঞ ও দক্ষ গাছি ছিলেন, যারা শীত মৌসুমে নিয়মিত রস সংগ্রহ করে গুড় তৈরি করতেন। কিন্তু সময়ের পরিক্রমায় এই পেশায় নতুন প্রজন্মের আগ্রহ কমে যাওয়ায় এবং পুরনো গাছিদের অনেকেই বয়সের ভারে বা পেশা পরিবর্তনের কারণে কাজ ছেড়ে দেওয়ায় তীব্র সংকট তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে বাইরের জেলা থেকে গাছি আনার চেষ্টা করা হলেও খরচের হিসাব ও যাতায়াত ব্যবস্থার কারণে তা সম্ভব হচ্ছে না।
উপজেলার বানঘর গ্রামের শহীদুল ইসলাম নামের একজন গাছ মালিক আক্ষেপ করে বলেন, "বাড়িতে বেশ কয়েকটা ভালো খেজুর গাছ আছে। কিন্তু গাছ ছাঁচা বা রস নামানোর মতো দক্ষ লোক পাচ্ছি না। অনভিজ্ঞ কাউকে দিয়ে কাজ করালে গাছ নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তাই গাছ থাকলেও রস পাওয়া যাচ্ছে না।"
স্থানীয়দের মতে, খেজুর গাছের সঠিক পরিচর্যা ও নির্ভুলভাবে চাঁছা অত্যন্ত জরুরি। এতে সামান্য ভুল হলে গাছ মরে যাওয়ার ঝুঁকি থাকে। তাই দক্ষ লোকের অভাবে অনেকেই ঝুঁকি নিতে চাচ্ছেন না। এর সরাসরি প্রভাব পড়ছে স্থানীয় বাজারে—শীতের শুরুতেই খাঁটি খেজুরের রস ও পাটালি গুড়ের সরবরাহ কম থাকায় চাহিদা অনুযায়ী তা মিলছে না।
উপজেলার সাতেশ্বর গ্রামের হেলান উদ্দিন -(৭৬) মনে করছেন, খেজুরের রস ও গুড়ের ঐতিহ্য টিকিয়ে রাখতে এবং গ্রামীণ অর্থনীতিতে বাড়তি আয়ের সুযোগ তৈরি করতে প্রশিক্ষণের মাধ্যমে নতুন গাছি তৈরি করা প্রয়োজন। পাশাপাশি খেজুর গাছ রোপণ ও সংরক্ষণে উদ্যোগ নেওয়া হলে ভবিষ্যতে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করছেন এলাকাবাসী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চা...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :আন্ডারপাস নির্মাণের জন্য ২০২২ সালে ভেঙে ফেলা হয়েছিল কুমিল্লার বেলতলী...
কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদে...
আয়েশা আক্তার।।কুমিল্লা নিউ মার্কেটের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে দোক...
গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন...
নিজস্ব প্রতিবেদকমালবাহী ট্রাক আটক, বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি, মাত্র ১০ মিনিটের সময়সীমা বেঁধে দিয়...
দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র্...
মোঃ আক্তার হোসেনউপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা অনুসন্ধানের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষআয়োজন “উদ্যোগ...
কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন,...
মাহফুজ নান্টু কুমিল্লাএইচএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্...
কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা...